ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

বাজিতপুরে অটোচালককে বেধড়ক মারধর, হত্যার চেষ্টার অভিযোগ

বাজিতপুর প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:  কিশোরগঞ্জের বাজিতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনির হোসেন (৩০) নামে এক অটোচালককে বেধড়ক মারধর করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে সরারচর ইউনিয়নের নুরপুর গ্রামের মো: ফারুক মিয়া ও সবুজ মিয়াসহ সাতজনের বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত মনির বর্তমানে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তার পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে অটোচালক মনির সরারচরের দিকে যাওয়ার পথে উপজেলার নুরপুর এয়ারপোর্ট সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে তার পথরোধ করা হয়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা  ফারুক মিয়া ও সবুজ মিয়াসহ সাতজন তাকে অটোরিকশা থেকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে।

আহত মনিরের বড় ভাই হাবিব মিয়া অভিযোগ করে বলেন, “আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই তারা প্রচণ্ড মারধর করেছে। শুধু তাই নয়, মারধরের পর তাকে রাস্তার পাশের গর্তের পানিতে ডুবিয়ে রেখেছিল।” তিনি আরও জানান, “গত ৩০ জুলাই সরারচর রেলস্টেশনের পশ্চিম পাশের অটোস্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে ফারুকের সঙ্গে আমার ভাইয়ের কথা কাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জের ধরেই আমার ভাইকে  হত্যার চেষ্টা করা হলো।”

এই বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ফারুক মিয়ার ব্যক্তিগত মুঠোফোন নম্বরে (০১৮২৯৬৮৩৮৫৮) একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেনকে হোয়াটসঅ্যাপে ফোন করা হলে তিনি বলেন, “প্রতিদিন অনেক অভিযোগ আসে। এভাবে নির্দিষ্ট করে কোনো অভিযোগের কথা বলা মুশকিল। তবে আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।”

এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।