[ অভিযোগ তুলে নিতে প্রাণনাশের হুমকি ]
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে অত্যাচারীদের হাত থেকে রেহাই পেতে আদালতে অভিযোগ দেওয়ায় আব্দুর রহমান নামে এক নিরীহ ব্যক্তির বসতবাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। শনিবার বিকেলে মুশুল্লী ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে। উক্ত হামলায় বাড়ির দরজা, জানালা ও বেড়া কুপিয়ে এবং পিটিয়ে আনুমানিক ৪০-৪৫ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়েছে। একইসঙ্গে পাশাপাশি অবস্থানকারী ভুক্তভোগীর মামাতো ভাই ও খালার বাড়িতেও হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ বিষয়ে রোববার (৯ সেপ্টেম্বর) আব্দুর রহমান বাদী হয়ে একই গ্রামের বংশীয় মৃত আ: ছোবহানের পুত্র বিল্লাল মিয়া, মিলন মিয়া ও বিল্লাল মিয়ার স্ত্রী ময়না আক্তার সহ অজ্ঞাত আরও ৩/জনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, আঃ রহমানের জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে চাইলে, আদালত কর্তৃক নোটিশ প্রতিপক্ষের হাতে পৌছিলে প্রতিপক্ষরা এতে ক্ষিপ্ত হয়। একপর্যায়ে শনিবার মোঃ বিল্লাল মিয়া ও তাঁর সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। উক্ত হামলায় আঃ রহমানের স্ত্রী কোনরকম পালিয়ে জানে রক্ষা পায়। পরে হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এতে বাধা প্রদান করলে আ: রহমানের মাতা সুক্কুরন, স্ত্রী লাকি আক্তার ও মামাতো ভাই ঝুটন আহত হয়। এসময় হামলাকারীরা চলে যাওয়ার সময় আঃ রহমানকে মারপিট ও খুন জখমের হুমকি দেয়।
প্রতিবেশী মজলু মিয়া জানান, এ নিয়ে একাধিকার গ্রাম্য সালিশ-দরবার হলেও এ কোন সুরাহা হয়নি। তবে আদালতে অভিযোগ করায় বাড়ি-ঘরে হামলা করা ঠিক হয়নি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোস্তাফা কামাল হামলার সত্যতা স্বীকার বলেন, প্রতিপক্ষের একজন মানসিক পাগল আছে, সে এ কাজটি করেছে। বিষয়টি খুবই দু:খজনক।
এ বিষয়ে নিরীহ ব্যক্তি আব্দুর রহমান জানান, বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রতিপক্ষের হাত থেকে রেহাই পেতে উর্ধ্বত পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
অপরদিকে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হয়নি।

