নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের ধনরামা এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এক ব্যতিক্রমী ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘ধনরামা তরুণ সমাজ’-এর উদ্যোগে এবং ‘ধনরামা গণগ্রন্থাগার ও সমাজকল্যাণ সংঘ’-এর সহযোগিতায় রোববার (২২ মার্চ) ঈদের পরদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ধনরামা দারুল কুরআন মাদ্রাসা ময়দানে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা সাইফ সিরাজ (কবি ও গবেষক)। আলোচনা করেন, অধ্যাপক আবুতাহের সাগর, অব,প্র,শি,আব্দুর রহমান, নান্দাইল প্রেসক্লাবর চেয়ারপারসন এনামুল হক বাবুল, বইপড়া আন্দোলনের মুখপাত্র মিঃ ফাইজুল ইসলাম, বিএনপি নেতা বাহাউদ্দীন আকন্দ, ইউপি মেম্বার গোলাপ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ওমর ফারুক।
জানা গেছে, এলাকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীদের মাঝে এ বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনীর ওপর ‘সীরাত কুইজ প্রতিযোগিতা’, মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা শেষে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ সহ ধনরামা তরুণ সমাজ এবং ধনরামা গণগ্রন্থাগার ও সমাজকল্যাণ সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

