শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৫) সকালে নান্দাইল থানাধীন আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের একটি কবরস্থান থেকে হৃদয় (২৪) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত হৃদয় (২৪) হাওলাপাড়া গ্রামের মৃত মো: আলম ও শিরিনা আক্তারের ছেলে। সে প্রায়শই মানসিক অসুস্থতার কারণে নেশাগ্রস্ত অবস্থায় এলোমেলোভাবে চলাফেরা করত।
শুক্রবার সকাল আনুমানিক ১০টায় হৃদয়ের চাচা মোঃ ফরিদ মিয়া (২৫) তাকে খোঁজাখুঁজি করছিলেন। একপর্যায়ে তিনি হাওলাপাড়া গ্রামের মৃত হুরমুচ আলীর কবরস্থানে বদ্দিরাজ গাছের সাথে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় হৃদয়ের ঝুলন্ত লাশ দেখতে পান।
পরে হৃদয়ের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

