পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জোরপূর্বক দোকানঘর ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হারিস উদ্দিন ও তার লোকজনের বিরুদ্ধে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে পৌর সদরের পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শামীম আহম্মেদ বাদী হয়ে শনিবার (২৩ আগস্ট) পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী উপজেলার বীর পাকুন্দিয়া গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে মোঃ শামীম আহম্মেদ। অভিযোগে জানান, তিনি পৈত্রিক সূত্রে পাকুন্দিয়া মৌজার ২৪০ নম্বর খতিয়ানের ৩৬৯ নম্বর দাগের ২.৫০ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে সেখানে দোকান নির্মাণ করে সুপারির ব্যবসা করে আসছেন।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, শুক্রবার বিকেলে প্রতিপক্ষ হারিস উদ্দিন তার লোকজন নিয়ে অতর্কিতভাবে তার দোকানটি ভাঙচুর করে। এ সময় দোকানে থাকা প্রায় আড়াই লাখ টাকা মূল্যের চার বস্তা সুপারি, এক লাখ টাকা মূল্যের টিনের চাল, বেড়া এবং একটি টিউবওয়েল নিয়ে যায় বলে তিনি দাবি করেন। এই ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত হারিস মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, “শামীম আহম্মেদের পিতা আলীম উদ্দিনের কাছ থেকে ৩০ বছর আগে আমি ২৫.৫০ শতাংশ জমি সাফকবলা দলিল মূলে কিনে নিয়েছি। ওই জমিতে আমি মাটি ভরাট করে ভোগদখল করে আসছি।” তিনি দোকানঘর ভাঙ্গার বিষয়টি স্বীকার করে আরও দাবি করেন, “শামীম আহম্মেদ কিছুদিন আগে রাতের আঁধারে অবৈধভাবে আমার জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে। তাই আমি ওই ঘরটি ভেঙে ফেলেছি।”
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাখাওয়াত হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন আছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

