আবু হানিফ স্টাফ রিপোর্টের :_কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. খোকন মিয়া (৩১), তিনি লক্ষীয়া গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে এবং মো. মামুন মিয়া (৩২), একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এর আগে গত রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, পুলিশের কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া মীরপাড়া গ্রামের একটি মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে টান লক্ষীয়া ও হাপানিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরদিন শনিবার বিকেলেও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা হাপানিয়া গ্রামের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলার শিকার হয়। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ওসি এসএম আরিফুর রহমান, এসআই মশিউর রহমান ও কনস্টেবল জাহেদুর রহমানসহ চারজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

