আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আগত রোগীদের দুর্ভোগ লাঘবে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল)। তিনি নিজস্ব অর্থায়নে হাসপাতালের বহির্বিভাগে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের হাতে এসব ফ্যান হস্তান্তর করা হয়।
এর আগেও রোগীদের চলাচলের সুবিধার জন্য মাজহারুল হক উজ্জ্বল নিজ উদ্যোগে হাসপাতালের প্রবেশ পথে ঢালাই করে টাইলসের ব্যবস্থা করে দিয়েছিলেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল বলেন, “আমি প্রায়ই হাসপাতালের বহির্বিভাগে রোগীদের লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে দেখি। তাই আগত রোগীদের কষ্ট লাঘবে আমি নিজ উদ্যোগে হাসপাতালকে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছি। আশা করি এতে রোগীদের কষ্ট কিছুটা হলেও কমবে।” তিনি আরও জানান, মুমূর্ষু রোগীদের চলাচলের সুবিধার্থে তিনি সিঁড়ি ভেঙে ঢালাই করে দিয়েছেন, যাতে রোগীরা সহজেই যাতায়াত করতে পারে। ভবিষ্যতে হাসপাতালের রোগীদের যেকোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৬০০-৭০০ রোগী সেবা নিতে আসেন। তাঁদের জন্য মাত্র দুটি সিলিং ফ্যানের ব্যবস্থা ছিল। কোনো বরাদ্দ না থাকায় অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করা সম্ভব হয়নি। ছাত্রদলের আহ্বায়ক বিষয়টি জানতে পেরে ৬টি সিলিং ফ্যান উপহার দিয়েছেন। এতে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের কষ্ট অনেকটা কমবে। তিনি এমন জনবান্ধব কর্মসূচিতে ছাত্রদলের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

