মো: শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ জেলা পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। জনস্বার্থে জেলার বিভিন্ন থানা ও ইউনিটের সাতজন পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সোমবার (০৮ এপ্রিল ২০২৪) ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়। আদেশে উল্লেখিত তথ্য অনুযায়ী, ত্রিশাল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনকে জেলা পুলিশ অফিসের অপরাধ শাখায় (ইন্সপেক্টর-ক্রাইম) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ময়মনসিংহ পুলিশ লাইন্সের সশস্ত্র পুলিশ পরিদর্শক মনসুর আহমদ। তিনি এখন থেকে ত্রিশাল থানার নতুন অফিসার ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই আদেশে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলামকে নান্দাইল মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তাদের রদবদলের তালিকায় দেখা গেছে, ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালিককে (পিপিএম) ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) রাজন চন্দ্র পালকে কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবং ধোবাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হককে হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, পুলিশ লাইন্সের সশস্ত্র পুলিশ পরিদর্শক মহিদুল ইসলামকে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট সকল ইউনিটকে এই বদলির অনুলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
