পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি তেল উৎপাদনকারী মিলে কাজ করার সময় মেশিনে ওড়না পেঁচিয়ে হাত বিচ্ছিন্ন হয়ে সাথী দেবনাথ (৩৫) নামে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোড়াবাড়িয়া জামতলা বাজারে অবস্থিত জিসান অয়েল মিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাথী দেবনাথ উপজেলার নারান্দী গ্রামের প্রয়াত বলরাম দেবনাথের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাথী গত দুই বছর ধরে জিসান অয়েল মিলে মেশিন অপারেটর হিসেবে কাজ করে আসছিলেন। সোমবার দুপুরে তিনি যখন কাজ করছিলেন, তখন অসাবধানবশত তার পরনের ওড়না চলন্ত মেশিনের ভেতর চলে যায়। কিছু বুঝে ওঠার আগেই ওড়নার সঙ্গে তার বাম হাতটিও মেশিনে ঢুকে যায় এবং শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ভাগ্যজনক ঘটনার বিষয়ে জিসান অয়েল মিলের মালিক আব্দুর রাজ্জাক ভূঁইয়া রুবেল গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। সাথীর স্বামী দুই বছর আগে মারা যাওয়ার পর তার অনুরোধে তাকে মিলে কাজ দেওয়া হয়েছিল। তিনি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
![]()

