নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাইলধরা বাজার থেকে মহাদেবপুর মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার মধ্যে ৭৩৩ মিটার কাঁচা অংশ পাকাকরণে মারাত্মক গাফিলতির অভিযোগ উঠেছে। প্রায় দেড় বছর ধরে রাস্তাটি দেড় ফুট গভীর গর্ত করে ফেলে রাখায় ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এ যেন ‘মরার উপর খাড়ার ঘা’। জনস্বার্থে দ্রুততম সময়ে এই দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগী এলাকাবাসী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানাগেছে, ৯৪ লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়। ‘লিজেন্ড এগ্রো ফার্ম’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২৫ সালের ২ মার্চ কার্যাদেশ দেওয়া হয়, যা একই বছরের ৩০ ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজের শুরুতেই ভেকু দিয়ে মাটি কেটে রাস্তায় দেড় ফুট গভীর গর্ত তৈরি করা হয়। পরবর্তীতে বালির পরিবর্তে কাদা-মাটি দেওয়া এবং ঠিকাদারি স্থানান্তরের জেরে স্থানীয়দের আপত্তিতে কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শুক্রবার সরজমিনে দেখাগেছে, সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তে পানি জমে রাস্তাটি খালের রূপ নেয় এবং এতে কাদাপানি জমা হয়ে যানবাহনসহ সব ধরনের চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে উন্দাইল, তালজাঙ্গা, বিয়ারা, পাঁচবাড়িয়া, গোপীনাথপুরসহ আশপাশের ১৫টি গ্রামের বাসিন্দারা কেনাকাটা ও প্রতিদিনের যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। পথচারীদের বাধ্য হয়ে রাস্তার দুপাশে স্তূপ করে রাখা উঁচু মাটি দিয়ে হেঁটে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার মাজহারুল ইসলামের মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে নান্দাইল উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল জানান, দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী ৯ আগস্ট তাঁকে অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।

