শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহ-০৯ (নান্দাইল) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী তাঁর অফিসিয়ালী ফেসবুক আইডির মাধ্যমে নান্দাইলবাসীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সহ ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধতার ডাক দেন। তিনি সকলকে প্রতিহিংসা ভুলে দলের সিদ্ধান্ত মেনে দেশের জন্য কাজ করার জন্য জোর আহব্বান জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-০৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত তথা ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী সকল স্তরের নেতাকর্মী ও নান্দাইলবাসীর প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি মনোনয়ন প্রাপ্ত হওয়ায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর শ্রদ্ধেয় পিতা সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা জনাব আনোয়ারুল হোসেন খান চৌধুরী এবং শ্রদ্ধেয় চাচা সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা জনাব খুররম খান চৌধুরীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
ইয়াসের খান চৌধুরী বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান। তিনি বলেন, “প্রতিযোগিতা থাকতেই পারে, তবে প্রতিহিংসা নয়। তৃণমূলের সকলেই দীর্ঘ সতেরোটি বছর কষ্ট করেছেন। এখন দেশের জন্য, নান্দাইলের উন্নয়নের জন্য এবং জনগণের পাশে থেকে কাজ করতে হবে। ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি যেকোনো বিজয় মিছিল, মিষ্টি বিতরণ বা আতশবাজি ফোটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “বিজয় তখনই হবে যখন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। সেই লক্ষ্যেই আমাদের কাজ করে যেতে হবে।” তিনি আরও বিশ্বাস করেন যে, যারা দলকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তারা দলের নির্দেশ ও সিদ্ধান্ত বজায় রাখবেন।
বিএনপি একটি বৃহৎ এবং জনপ্রিয় দল হওয়ায় একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা করা স্বাভাবিক উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, “দল যাকে মনোনয়ন দিয়েছেন, আমরা সকলেই যেন দলের সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে প্রকাশ্যে কাজ করি।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা সবাই এক এবং অভিন্ন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। অন্তত আমার মনে কোনো বিভেদ বা প্রতিহিংসা নেই। বিভেদ তৈরি করতে আমরা কাউকে সুযোগ দেবো না। আমরা সকলে মিলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।”
সাবেক মনোনয়ন প্রত্যাশীদের ‘ভাই ভাই’ সম্বোধন করে ইয়াসের খান চৌধুরী জানান, এই মনোনয়ন তাঁর একার নয়, এটি নান্দাইল বিএনপি’র সর্বস্তরের সকলের। তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও পাশে থাকার আবেদন জানান। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যারা বিএনপিকে ভালোবাসেন আমরা সবাই এক পরিবার, বিএনপি’র মধ্যে কোনো গ্রুপিং নেই।”
পরিশেষে, তিনি ঢাকা বা নান্দাইলের বাইরে অবস্থানরত সকল নেতৃবৃন্দের প্রতি নান্দাইলে এসে ধানের শীষের পক্ষে কাজ করার এবং সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করে ময়মনসিংহ-০৯ নান্দাইল আসনটি দেশনায়ক তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার আহ্বান জানান। তিনি সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।

