শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক জব্দকৃত বিপুল পরিমান পাথর এবং পাথর ভাঙ্গার বিভিন্ন ধরনের মেশিন নিলামে বিক্রির পূর্বেই রাতে আধারে একটি কুচক্রী মহল বিক্রি করে দিচ্ছে। তবে বিষয়টি জানতে পেরে পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিয়েছেন এবং তা পাহাড়া রাখার ব্যবস্থা করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর, ২৯টি বোল্ডার ক্রাসার মেশিন সহ ৩ টি পেলুডার মেশিন। যার আনুমানিক মূল্য হচ্ছে সাড়ে ৪ কোটি টাকা।
জানাগেছে, উপজেলার মুশুলী ইউনিয়নের তারঘাট বাজার সংলগ্ন নরসুন্ধ নদীর পাড়ে এবং বাজারের আশেপাশে থাকা সড়ক ও জনপথ বিভাগের পতিত জায়গায় পাথর রেখে স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শুধুমাত্র স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে প্রতিবছর কোটি কোটি টাকার ব্যবসা করলেও সরকারকে কোন রাজস্ব দিচ্ছেননা। তাছাড়া কখনও কখনও কার্গো নৌকায় করে সিলেট থেকে আনা বড় বড় পাথর নদীর গতি পথে ফেলে রেখে পানির প্রবাহকে বাধাগ্রস্থ করছিলেন। অন্যদিকে পাথরের এসব বোল্ডার ভেঙ্গে ছোট করার কাজে প্রতিদিন বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করতেন। মেশিনের শব্দ এবং উড়ে যাওয়া ধুলিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ সাধারন মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল। এসব কারণে বার বার সর্তকের পর ২৩ জুলাই ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সারমিনা সাত্তার। জব্দ করা সকল মালামাল পরবর্তীতে নিলামে বিক্রির কথা বলে পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চুর জিম্মায় রেখে আসেন। কিন্তু জব্দ করার পরও প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে একটি চক্র পাথর বিক্রি করছেন। ২৮ জুলাই রাতেও কয়েক ট্রাক পাথর বিক্রি হওয়ার খবর পেয়ে পরদিন এ প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে কোন ব্যবসায়ীকে পাননি।
স্থানীয়রা জানান, তারা ইউএনও’র সাথে দেখা করতে গিয়েছেন। তখন পরিচয় গোপন রেখে পাথর কিনে নেবার আগ্রহ প্রকাশ করলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, সব পাথর জব্দ করা হয়েছে। তাই দিনে দিতে পারবেন না। ফারুক নামে একজন শ্রমিক জানান, রাইতে তো কিছু বেচাকেনা হয়ই।
এ বিষয়ে তারঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু গণমাধ্যম এর সত্যতা স্বীকার করে বলেন, কিছু বিক্রী করেছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, নিলাম প্রকাশের আগেই কিছু অসাধু ব্যক্তি রাতের আধারে পাথর সরানোর চেষ্টা করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।


