ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে জ্বালানি তেল সংকটের অজুহাতে বাড়তি ভাড়ার বিড়ম্বনায় যাত্রিরা ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক– ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন শত শত যাত্রী। জ্বালানি তেল প্রাপ্তিতে বিড়ম্বনার অজুহাত দেখিয়ে বাস, সিএনজি ও পিক-আপ চালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ও তিনগুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়ার চাপে অনেকে গন্তব্যে যেতে না পেরে বাসস্ট্যান্ডেই অপেক্ষা করছেন, আবার কেউ কেউ বাধ্য হয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) নান্দাইল চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ড ও আচারগাঁও ঢাকা বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। নারী-শিশু ও ব্যাগ-প্যারেজ নিয়ে তপ্ত রোদে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ১০০ টাকার বাস ভাড়া ২০০ টাকা এবং ৬০ টাকার ভাড়া ১৫০ টাকা দাবি করা হচ্ছে। পোশাক কারখানার শ্রমিক ফারজানা জানান, ইটাখলা যেতে ২৫০ টাকার সিএনজি ভাড়া এখন ৪০০ টাকা চাওয়া হচ্ছে। পকেটে পর্যাপ্ত টাকা না থাকায় অনেকে চরম বিপাকে পড়েছেন। রোয়াইল বাড়ির হোসন মিয়া জানান, অতিরিক্ত ভাড়ার কারণে কর্মস্থলে যাওয়া বাদ দিয়ে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন।

অন্যদিকে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে চলাচলকারী বাসগুলো স্থানীয় যাত্রীদের না তুলে কেবল দূরপাল্লার যাত্রী নিচ্ছে এবং লোকাল যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। এই সুযোগে সিএনজি ও ইজিবাইক চালকরাও কয়েকগুণ ভাড়া বাড়িয়ে দিয়েছে। পরিবহন চালকদের দাবি, পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তেলের এই সংকট ও ট্রিপ কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতেই তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে ঢাকা রুটে চলাচলকারী জলসিঁড়ি সার্ভিসের টিকেট মাস্টার বরকত উল্লাহ দাবি করেন, তারা পূর্বের নির্ধারিত ভাড়াই নিচ্ছেন।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ জানান, তাদের ভ্রাম্যমাণ টিম নিয়মিত অভিযান চালাচ্ছে। তবে অনেক সময় যাত্রীরা সরাসরি অভিযোগ করতে চান না বলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে। জনভোগান্তি কমাতে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।