নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব আরও বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি তাঁকে এখন থেকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করতে হবে। সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা ড. একেএম শামছুল ইসলামের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করে বিএনপি। এই সরকারে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর পাশাপাশি ১০ জন অভিজ্ঞ ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিগত ১৭ ফেব্রুয়ারি উপদেষ্টাদের নিয়োগের পর ২৪ ফেব্রুয়ারি তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছিল। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম।
প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের মতো গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের দায়িত্ব পাওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলামের ওপর সরকারের আস্থা ও নির্ভরতা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাশাপাশি তাঁর এই প্রাপ্তিতে নান্দাইলবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা সহ অভিনন্দন জানিয়েছেন।


