নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন নান্দাইলের চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাব্বানীকে দেখতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
মঙ্গলবার (৩রা মার্চ) হাসপাতালে গিয়ে তিনি আহত ছাত্রের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা প্রদান করেন। এসময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদ।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদ প্রতিমন্ত্রীর কাছে রাব্বানীর চিকিৎসার বর্তমান অবস্থা এবং গৃহীত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আহত শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করতে এবং তাকে সব ধরনের উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
আহত ছাত্রের শয্যাপাশে কিছু সময় অবস্থানকালে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “শিক্ষার্থীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ। রাব্বানীর মতো একজন মেধাবী প্রাণের এই অবস্থা অত্যন্ত দুঃখজনক। তার উন্নত চিকিৎসার জন্য সরকার ও আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি রাব্বানীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে নান্দাইল থেকে রাজধানীর এই হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।


