নিজস্ব প্রতিবেদক : বিগত ১৬-১৭ বছরে ওয়াজ মাহফিল করতে দেওয়া হয়নি, অথচ সেই সময়ে যাত্রার আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল চৌরাস্তায় অরণ্যপাশায় ‘খানকায়ে হুসাইনিয়া মাদানিয়া’-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওয়াদা অনুযায়ী মাহফিলের শেষ দিনের মোনাজাতে শরিক হতে পেরে সন্তোষ প্রকাশ করে তথ্য প্রতিমন্ত্রী জানান, মাহফিলে আসার রাস্তাটির বেহাল দশা দ্রুত সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়ে ইটসোলিংয়ের কাজ সম্পন্ন করেছেন। এছাড়া নান্দাইলের প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা ও উপাসনালয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা দেওয়ার যুগান্তকারী কর্মসূচি চালু করেছেন বলে উল্লেখ করেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যে কয়েকটি মসজিদে পাইলট প্রকল্পের আওতায় এটি শুরু হয়েছে এবং প্রকল্পটি শেষ হলে পর্যায়ক্রমে দেশের সব মসজিদের তালিকা করে এই ভাতা পৌঁছে দেওয়া হবে।পাশাপাশি বিগত সরকারের আমলে ওলামা-মাশায়েখদের ওপর জুলুম ও ঢাকার শাপলা চত্বরের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তা ভোলা যাবে না বলে মন্তব্য করেন তিনি।নির্বাচনের সময় একটি দলের পক্ষ থেকে নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না বলে ‘বেহেশতের টিকিট বিক্রি’র প্রচার চালানোর তীব্র সমালোচনা করেন এবং এ ধরনের বিদাতি কার্যক্রম থেকে দূরে থাকার আহ্বান জানান।এছাড়া জুলাইয়ের খুনি ও বিশৃঙ্খলাকারীদের হুশিয়ার করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা ও বিধিমালা মেনে নান্দাইলের উন্নয়ন করা হবে এবং বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও আমন্ত্রণে উপস্থিত মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী এবং আগামী দিনে মাহফিলের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস।
![]()
এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।

