নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্যের ছড়িয়ে পড়া বর্তমান সময়ের একটি ‘অশুভ সংকেত’ হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে তা প্রতিরোধে তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ‘২য় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এছাড়া এ বিষয়ে নিয়ে বিএনপি মিডিয়া সেল পেইজে একটি গুরুত্বপূর্ণ পোস্ট তুলে ধরা হয়।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের ছাত্রসমাজ বরাবরই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সম্প্রতি ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনেও তাদের বীরত্বপূর্ণ অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
বর্তমান যুগে তথ্যের সহজলভ্যতা ও দ্রুতপ্রবাহের বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, “এখন সত্য ও মিথ্যার পার্থক্য নিরূপণ করাই বড় চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে তরুণ ও শিক্ষার্থীদের মিডিয়া লিটারেসি এবং তথ্য আদান-প্রদানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি।”
নিজের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে আসার অনুভূতির কথা ব্যক্ত করে ইয়াসের খান চৌধুরী স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “এই ক্যাম্পাসের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে এসে পুরোনো দিনগুলোর কথা আবারও মনে পড়ে গেল।”
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে মিডিয়া কার্নিভালের মতো উদ্যোগগুলোর প্রশংসা করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের আয়োজন তরুণদের বিশ্লেষণী ক্ষমতা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তরুণদের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ তথ্যপ্রবাহ নিশ্চিতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তরুণ সমাজের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহের কথা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জাতীয় আয়োজনে সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
![]()

