নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘নিরাপদ সড়ক আন্দোলন’ পৌর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইউএনও মহোদয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন। এ সময় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি আ: সামাদ সিয়াম সরকার, সহ-সভাপতি রাকিবুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক ফারাবী আহমেদ রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মুবাশ্বির, সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বাধীন, পরিবহন বিষয়ক সম্পাদক শিহাব, অর্থ বিষয়ক সম্পাদক লাবনী এবং মহিলা বিষয়ক সম্পাদক প্রীতি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে চলা এবং নিয়মিত প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে সড়কে মৃত্যুর মিছিল কমিয়ে আনা সম্ভব।” নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি স্বেচ্ছাসেবী এই সংগঠনটিকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে কমিটির নেতৃবৃন্দ নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও দুর্ঘটনামুক্ত পৌর শহর গড়ে তোলা সম্ভব হবে।

