আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা কার্যালয় চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হচ্ছে। সকালে বিভিন্ন ইউনিয়নে চাল নিতে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। ১০ কেজি করে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার ২০২৫-২৬ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই খাদ্যশস্য বিতরণের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও জানান, উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩৫ হাজার ৯৯টি অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা ওজনে কম দেওয়া যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমে তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলায় সহকারী কমিশনার ভূমি মিস রিফাত জাহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. নাসিরুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউপি সচিব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বূন্দ , সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

