আবু হানিফ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলাম সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে কিশোরগঞ্জ। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে ‘কিশোরগঞ্জের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এক বিশাল মানববন্ধনে এই আল্টিমেটাম দেওয়া হয়। এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের সংবাদকর্মী এবং রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান পাগলা মসজিদে জেলা প্রশাসকের সভাপতিত্বে কমিটি পরিচালিত হয়। এমন একটি স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগের ও নিন্দনীয়। একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে মসজিদের নিলাম প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছে। এই অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যাওয়াই ছিল সাংবাদিকদের অপরাধ। বক্তারা অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দেওয়ার এবং সকল অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের সামগ্রীর নিলাম চলাকালে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর হামলা চালায় ওই সিন্ডিকেটের সদস্যরা। বর্তমানে আহত সাংবাদিকরা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।
মানববন্ধনে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, “মুক্ত গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা জাতির জন্য এক অশনিসংকেত। ২৪ ঘণ্টার মধ্যে মূল হোতাদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সংহতি প্রকাশ করে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, “মসজিদের সম্পদ নিয়ে অনিয়ম আর সহ্য করা হবে না। সাংবাদিকদের ওপর হামলাকারীরা মূলত সত্যকে ঢাকতে চায়।”
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, হামলার ঘটনায় জীবন ও মনা নামে দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
মানববন্ধন শেষে সাংবাদিকরা জেলা প্রশাসনের মাধ্যমে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদানের প্রস্তুতি গ্রহণ করেন।

