ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

‘জামায়াত ক্ষমতায় আসলে এমপি-মন্ত্রীরা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে’ -কেন্দ্রীয় শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো. শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে একটি পূর্ণাঙ্গ জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠন করা হবে। যদি জনগণের ভোটে জামায়াত সরকার গঠন করে, তবে এমপি-মন্ত্রীরা সাধারণ মানুষের কাছে তাদের কাজের পাই টু পাই হিসাব দিতে বাধ্য থাকবে। কোনো দুর্নীতিবাজ বা ফ্যাসিবাদীর ঠাঁই এই বাংলায় আর হবে না।”

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকালে ময়মনসিংহের নান্দাইল-৯ আসনের ১১ দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানের ‘ফুলকপি’ প্রতীকের সমর্থনে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, “শিবিরের নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি, তারা গাড়ি-বাড়ি বা বিলাসিতায় গা ভাসায়নি। এটাই জামায়াতে ইসলামীর আদর্শ। অথচ অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশের সম্পদ লুটেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তাই বৈষম্যমুক্ত ও ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান।

অ্যাডভোকেট চান তাঁর বক্তব্যে ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আপনারা আমাকে ফুলকপি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে দেশে নজিরবিহীন জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠা করবো। আপনারা হবেন এলাকার প্রকৃত এমপি, আর আমি হবো আপনাদের পাহারাদার। রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ নান্দাইলের যাবতীয় উন্নয়নের সুনির্দিষ্ট তালিকা জনগণের সামনে প্রকাশ করা হবে। আমি জীবন দিয়ে হলেও মানুষের সেবা করে যাবো। ইনশাল্লাহ, নান্দাইলের রাজনীতি বাংলাদেশের মানুষ অনুকরণ করবে।”

জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা শামছুল ইসলাম রহমানি, মুফতি আরিফ আব্দুল্লাহ, মুস্তাফিজুর রহমান মোস্তাক, মাওলানা খাইরুল ইসলাম, নুরুল আমিন, যুব পরিষদ নেতা আরিফ খান এবং ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামীম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারি নান্দাইলের উন্নয়ন ও পরিবর্তনের লক্ষে ‘ফুলকপি’ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চানকে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।