আবু হানিফ, স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ): জ্বালানি তেলের বাজারে কারসাজি রোধ, অবৈধ মজুদ বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোবাইল কোর্ট অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৭ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান। অভিযানে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদ করছে—এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে পাকুন্দিয়া পৌর সদর বাজার, জাঙ্গালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া বাজার এবং তারাকান্দি বাজারের বিভিন্ন দোকান, গুদাম ও ডিপোতে তদারকি করা হয়। এ সময় তেলের মজুদ পরিস্থিতি, বিক্রয় কার্যক্রম এবং মূল্য তালিকা যাচাই করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে খেয়াল রাখা হয়, কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করছেন কিনা কিংবা অবৈধভাবে তেল সংরক্ষণ করছেন কিনা। একইসঙ্গে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে কোনো ধরনের অনিয়ম না করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান বলেন, “বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। জনসাধারণের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন সর্বদা সতর্ক দৃষ্টি রাখছে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে অবৈধভাবে তেল মজুদ বা অতিরিক্ত মূল্যে বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, নিয়মিত তদারকি অব্যাহত থাকলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ভোক্তারা ন্যায্য মূল্যে জ্বালানি তেল ক্রয় করতে পারবেন।
উল্লেখ্য, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

