নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃষ্টির তোড়ে ভেঙে যাওয়া ব্রিজের নিচের মাটি ও গাইডওয়াল ধসে সৃষ্ট ‘মরণ ফাঁদ’ থেকে মুক্তি পেতে যাচ্ছে দুই উপজেলার হাজারো মানুষ। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি-এর তড়িৎ হস্তক্ষেপে ও নির্দেশনায় শুক্রবার (১০ জুলাই) থেকে ব্রিজ ও রাস্তার জরুরি সংস্কার কাজ শুরু হয়েছে।
জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) এক রাতের বৃষ্টিতে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামের পুরোনো এই ব্রিজটির নিচের মাটি ধসে একপাশের গাইডওয়াল বিলীন হয়ে যায়। এতে গাংগাইল বাজার থেকে পাইকুড়া বাজার সংযোগকারী প্রধান সড়কটিতে বড় গর্তের সৃষ্টি হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র নজরে আসে।
বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রতিমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানান, “সুন্দাইল গ্রামের এই কালভার্ট ও রাস্তার বেহাল দশা আমার নজরে এসেছে। জরুরি ভিত্তিতে এই রাস্তা চলাচলের উপযোগী করার জন্য আমি সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছি। অচিরেই এটি মেরামত করা হবে এবং বর্ষা মৌসুম শেষে স্থায়ীভাবে সংস্কার করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”
প্রতিমন্ত্রীর এই নির্দেশনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। শুক্রবার সকালেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ভাঙা ব্রিজ ও রাস্তার সংস্কার কাজ শুরু করেন। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে মেরামতের কাজ।
প্রতিমন্ত্রীর এমন দ্রুত পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আশরাফুর রহমান, দুলাল ও তোফাজ্জল মিয়াসহ এলাকাবাসী বলেন, “আমরা বড় ধরনের দুর্ঘটনার আতঙ্কে ছিলাম। আমাদের মন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে কাজ শুরু হওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
৫নং গাংগাইল ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আমিন জানান, ব্রিজটির করুণ অবস্থা পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রতিমন্ত্রীর নজরে আসায় তার নির্দেশনায় দ্রুত সংস্কার কাজ শুরু হয়েছে। এতে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল বলেন, “প্রতিমন্ত্রীর নির্দেশনায় আমরা দ্রুততম সময়ে উক্ত ব্রিজ ও রাস্তার সংস্কার কাজ শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই এটি পুরোপুরি চলাচলের উপযোগী হবে এবং জনগণের ভোগান্তি দূর হবে।”

