নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে জনদূর্ভোগ লাঘবে একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে। বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির বিশেষ নির্দেশে দ্রুত ওই রাস্তা সংস্কারের কাজ সম্পন্ন করলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার। ফলে উক্ত রাস্তায় চলাচলকারী সাধারণ জনগণ ও যানবাহন চালকগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানাগেছে, সম্প্রতি মোয়াজ্জেমপুর ইউনিয়নের মধ্য দিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র নজরে আসে অত্র ইউনিয়নের কালেঙ্গা বাজারের পশ্চিম ও উত্তর পাশের রাস্তাটির জরাজীর্ণ বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তাটিতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসী ও ব্যবসায়ীদেরকে। জনগণের দুর্ভোগের বিষয়টি তাৎক্ষনিক তথ্য প্রতিমন্ত্রী অনুধাবন করে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে রাস্তাটি মেরামতের জন্য নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে গেলো বুধবার (১ এপ্রিল) দুপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই রাস্তাটি ইট, কংক্রিট ও বালু দিয়ে মেরামত করা হয়েছে। রাস্তাটি সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যানবাহন চালকগণ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি বলেন, ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ইট, ইটের খোয়া ও বালু দিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। আশা করছি রাস্তাটি পরবর্তী পুন:পাকাকরণের আগ পর্যন্ত যানবাহন ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে।
এ বিষয়ে মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার জানান, কালেঙ্গা বাজার সংলগ্ন স্থানে রাস্তায় জলাবদ্ধতার কারণে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছিল। মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তাটি সংস্কার করেছি। পরবর্তীতে রাস্তাটি পুন: পাকাকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

