নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিদ্যুৎ সমস্যা সমাধান ও জনজীবনে স্বস্তি ফেরাতে বড় ধরনের সাফল্য অর্জিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বিশেষ প্রচেষ্টায় নান্দাইলবাসীর জন্য অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে নান্দাইলের জন্য মোট বিদ্যুৎ বরাদ্দের সাথে আরো ৭ মেগাওয়াট বৃদ্ধি পেলো।
খোঁজ নিয়ে জানা গেছে, নান্দাইলের সাধারণ মানুষের দীর্ঘদিনের বিদ্যুতের কষ্ট লাঘবে তথ্য প্রতিমন্ত্রী তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে একটি ডিও লেটার (আধা-সরকারিপত্র) প্রদান করেছিলেন। নান্দাইলবাসীর এই চাহিদাকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেয়। সরকারের নতুন মেয়াদ শুরুর মাত্র দুই মাসের মাথায় এই বড় প্রাপ্তি নান্দাইলবাসীর জন্য এক বিশেষ উপহার।
এতে নান্দাইল উপজেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা এই খবরে আনন্দ প্রকাশসহ তথ্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, অতিরিক্ত এই বরাদ্দের ফলে নান্দাইলে ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় নতুন গতির সঞ্চার হবে। বর্তমান সরকারের উন্নয়নের এই ধারা নান্দাইলকে একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত করবে বলে সাধারণ মানুষ বিশ্বাস করে।
এ বিষয়ে এক বিবৃতিতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আরো বলেন, “আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। নান্দাইলের শিক্ষার্থী, মা-বোন এবং সাধারণ মানুষের কষ্ট আমাকে ব্যথিত করে। এই অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের ফলে এলাকায় লোডশেডিং অনেকাংশে কমে আসবে।
এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা জনগণের সেবক হিসেবে সবসময় পাশে থাকব।”
প্রতিমন্ত্রী তাঁর এই সফলতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর রাজনৈতিক অভিভাবক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও জানান, এই উন্নয়ন নান্দাইলবাসীর অধিকার এবং এই লক্ষ্যেই তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
এদিকে বিদ্যুতের এই বাড়তি বরাদ্দের সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসার (ডিজিএম) মো: নাজমুল হাসান। তিনি বলেন, “তথ্য প্রতিমন্ত্রীর বিশেষ ডিও লেটারের প্রেক্ষিতে আমরা যখন যতটুকু বিদ্যুৎ বরাদ্দ পাবো, তার সাথে সবসময় অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বেশি পাবো। এই বাড়তি বিদ্যুতের ফলে নান্দাইল এলাকায় বিদ্যুতের দুর্ভোগ তথা লোডশেডিং অনেকখানি লাঘব হবে বলে আমরা আশা করছি।”
![]()

