নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। জানা গেছে, নান্দাইলের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী একটি ডিও (DO) লেটার প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে নিয়মিত তদারকি চালিয়ে যান। তাঁর এই বিশেষ উদ্যোগ ও ডিও লেটারের প্রেক্ষিতেই স্বাস্থ্য কমপ্লেক্সটির শয্যা সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে এখন থেকে স্থানীয় বাসিন্দারা আরও আধুনিক ও উন্নত সুযোগ-সুবিধা সম্বলিত স্বাস্থ্যসেবা পাবেন। বিশেষ করে জটিল রোগীদের ক্ষেত্রে এখন আর জেলা শহরে যাওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে আসবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবাপ্রাপ্তি সহজতর হবে। এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় নান্দাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। এলাকাবাসী মনে করছেন, স্বাস্থ্য খাতের এই উন্নয়ন নান্দাইলের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। শুধু তাই নয়, শয্যা সংখ্যা বৃদ্ধির এই অনুমোদনের পাশাপাশি খুব শীঘ্রই প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে হাসপাতালে সেবা গ্রহিতাদের নিরাপত্তায় আটজন আনসার নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “জননেতা ইয়াসের খান চৌধুরী সবসময় নান্দাইলের উন্নয়ন নিয়ে ভাবেন। স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যায় উন্নীত করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি কতটা আন্তরিক। এই অর্জনের মাধ্যমে নান্দাইলের স্বাস্থ্যসেবার চিত্র চিরতরে বদলে যাবে।” নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামীমা সুলতানা বলেন, মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টার কারণেই জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীসহ তথ্য প্রতিমন্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে সাধুবাদ জানাই। 
