নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি তিন জেলায় পাচঁ দিনের সফরে থাকবেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া সরকারি এক সফরসূচির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পাঁচ দিনের সরকারি সফরে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও জামালপুর এই তিন জেলায় আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিনি সফর পরিচালনা করবেন। সফরসূচি অনুযায়ী তিনি সড়কপথে বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ময়মনসিংহের নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। দুপুরে নান্দাইলের ‘বাহাদুরপুর হাউজে’ অবস্থানের পর বিকেলে উপজেলা প্রশাসনিক ভবনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর নান্দাইল উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ এবং সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।
২৩ সেপ্টেম্বর (বুধবার) সকালে নান্দাইল থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেবেন। দুপুরে সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বিকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করবেন। রাতে তিনি নান্দাইলের বাহাদুরপুর হাউজে রাত্রিযাপন করবেন।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে স্থানীয় সর্বসাধারণের সাথে সাক্ষাৎ শেষে বিকেলে শেরপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন। বিকেলে নান্দাইল পৌর বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে এলাকার জনসাধারণের সাথে সাক্ষাৎ এবং মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। বিকেলে সুন্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও রাজগাতি ইউপি উলহাটি বাজার সড়ক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
২৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে স্থানীয়দের সাথে সাক্ষাৎ শেষে বিকেলে নান্দাইল উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিশাল মিছিল ও সমাবেশে অংশ নেবেন প্রতিমন্ত্রী। এরপর তিনি জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে যোগদান করবেন। সফর শেষে সন্ধ্যায় জামালপুর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দেওয়া চিঠি অনুযায়ী, সফরকালে প্রতিমন্ত্রীর সরকারি সফরসঙ্গী হিসেবে থাকবেন সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ, একান্ত সচিব মোঃ ফরিদুর রেজা সাগর এবং ব্যক্তিগত কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিমন্ত্রীর নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলার পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
![]()

