নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক উন্নয়ন ও সরকারি কার্যক্রম তদারকির বিশেষ দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য প্রতিমন্ত্রী এখন থেকে এই দুই জেলার আইনশৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে সরাসরি ভূমিকা রাখবেন। এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো জনকল্যাণমূলক কাজের তদারকি ও সমন্বয়ের ভারও থাকবে তাঁর ওপর। তিনি প্রয়োজনে জেলার উন্নয়ন সভায় অংশ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করতে পারবেন।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর ময়মনসিংহ জেলার নিজ নির্বাচনী এলাকা নান্দাইলবাসী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপিকে সাধুবাদ জানান। এই তদারকি ব্যবস্থার ফলে দুই জেলার সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এক বিবৃতিতে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “কিশোরগঞ্জ ও জামালপুরের মানুষের কল্যাণে কাজ করার এই দায়িত্বকে আমি একটি পবিত্র আমানত হিসেবে দেখছি। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যেন দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেটি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

