নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে বিএনপি’র কর্মী সম্মেলন বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে বাশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী এমপি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিএনপি সরকার গঠন করার পর নান্দাইল উপজেলায় এটিই সবচেয়ে বড় জনসভা হিসেবে গণ্য হচ্ছে। প্রতিটি ওয়ার্ড থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল ও ঢাক-ঢোল বাজিয়ে কয়েক হাজার নেতাকর্মী সম্মেলনে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “আমি দুর্নীতি করতে আসিনি, দুর্নীতি বন্ধ করতে এসেছি। জুয়া, মাদক, চাঁদাবাজ ও সকল সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের হাতে তুলে দিন। আমি নিজে অপরাধীকে আইনের হাতে তুলে দেবো।”
তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনতদারকির ওপর গুরুত্বারোপ করে বলেন, “রাস্তাঘাটসহ সকল উন্নয়ন কাজ সঠিকভাবে হচ্ছে কি না, তা আপনারা লক্ষ্য রাখবেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের জন্য কেউ টাকা চাইলে তাকে সাথে সাথে প্রশাসন বা আমাকে জানান, আমি কঠোর ব্যবস্থা নেব।”
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মানবিক প্রধানমন্ত্রী’ ও ‘জনবান্ধব ’ উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “তারেক রহমান জনগণের স্বার্থে নির্বাচনী ইশতেহারের সকল অঙ্গীকার বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি ট্রাফিক আইন মেনে চলেন এবং মেগা প্রকল্প হিসেবে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করেছেন। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।”
দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। ইউনিয়নের যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদেরই যথাযথ মূল্যায়ন ও পদ-পদবি দেওয়া হবে। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না করে একটি সুন্দর ও উন্নয়নশীল নান্দাইল গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, “চন্ডিপাশা ইউনিয়নের আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে এটি বিএনপির খাঁটি ঘাঁটি। যারা ষড়যন্ত্র করেছিল তারা ব্যর্থ হয়েছে। ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইল বিএনপি আজ যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী।”
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান ভূঁইয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নজরুল ইসলাম ফকির, পৌর বিএনপি’র সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভূঞা, ওমর ফারুক নোমানী, বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, শাকিল মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিকসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
উক্ত কর্মী সম্মেলনে চন্ডিপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মহিলা দলের নেত্রী ও কর্মীবৃন্দ উপস্থিত ছিল।


