নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক আব্দুস সাত্তার। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নের উন্দাইল পশ্চিমপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কৃষকের গোয়ালঘরে থাকা ৪টি গরু জীবন্ত পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে একমাত্র সহায়-সম্বল হারিয়ে এখন পাগলপ্রায় ওই কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত হাছেন আলীর পুত্র। সোমবার (২৪ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পোড়া গরুগুলোকে মাটিচাপা দেওয়া হয়েছে এবং পুরো পরিবারে চলছে শোকের মাতম।
ভুক্তভোগী কৃষক জানান, বরাবরের মতোই রাতে গরুগুলোকে দেখে তিনি ঘুমাতে গিয়েছিলেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে ঘুম ভাঙলে বাইরে এসে দেখেন গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যেই ১টি বড় ষাঁড়, ২টি গাভী ও ১টি বাছুর আগুনে পুড়ে মারা যায়। পাশাপাশি পুড়ে ছাই হয়ে যায় গোয়ালঘরের সব আসবাবপত্র। আগুনের লেলিহান শিখা সহোদর ভাই আব্দুল হাইয়ের পাকা ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জলমোটর চালিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও আব্দুল হাইয়ের ঘরে থাকা জমির দলিলাদিসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কৃষক পরিবারের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুস সাত্তার বলেন, “সংসারের ঘানি টানার একমাত্র সম্বল ছিল এই গরুগুলো। এখন আমার আর কিছুই রইল না। কৃষি ব্যাংকে তাঁর একটি পুরাতন ঋণ রয়েছে। এখন সেই ঋণের বোঝা কীভাবে শোধ করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তারসহ আরও অনেকেই জানান, “গরুগুলোই ছিল ওই কৃষকের আয়ের মূল উৎস। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন ওই কৃষককে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং তাঁর কৃষি ঋণটুকু মওকুফের ব্যবস্থা করা হয়। সরকারি বা বেসরকারি সহযোগিতা না পেলে দিশেহারা এই কৃষকের পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।”


