[ বিএনপি’র ঘোষিত প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবি ]
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বিএনপি’র চারগ্রুপের একাট্টায় শুক্রবার (৭ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিকালে নান্দাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীপূর্ব নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল অব: আনোয়ারুল মোমেন, মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এমডি মামুন বিন আব্দুল মান্নান, মনোয়ন প্রত্যাশী সাবেক বিগ্রে: জেনারেল একেএম শামসুল ইসলাম শামস সূর্য্যের পক্ষে সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল এবং বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য নাসের খান চৌধুরীর পক্ষে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক উমর ফারুক নোমানী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ। উক্ত র্যালী ও আলোচনা সভায় নান্দাইলের বিএনপি’র চারগ্রুপের নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, নান্দাইল আসনে যাকে বিএনপি’র প্রার্থী হিসাবে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ৯০ ভাগ বিএনপির নেতাকর্মীকে বাদ দিয়ে একাংশ নেতাকর্মী নিয়ে কার্যক্রম চালাচ্ছেন। তাঁরা আরো বলেন, নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ না করায় আজ আমরা বিএনপি’র চারগ্রুপ ঐক্যবদ্ধ হয়েছি, চারজন নেতার মধ্যে যাকে পছন্দ তাকেই বিএনপির মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। তাই নান্দাইল আসনের মনোনয়ন পরিবর্তনে দলের হাইকমান্ডকে পুনর্বিবেচনা করার জন্য জোর আহ্বান জানান। অন্যথায় আগামী রোববার উপজেলা সদরে মানববন্ধনের ডাক দিয়ে তাঁরা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে হুশিয়ারী দেন।


