নিজস্ব প্রতিবেদক: প্রোটোকলের বেড়াজাল ভেঙে সাধারণ মানুষের কাতারে মিশে গেলেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সন্ধ্যার পর তাঁর নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ নান্দাইল উপজেলার একটি গ্রামীণ হাটবাজারে দেখা গেল এক অনন্য চিত্র। কোনো রাজকীয় আয়োজন নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে বেঞ্চে বসে চায়ের কাপে আড্ডায় মাতলেন তিনি।
গ্রামীণ জনপদের চায়ের স্টলে বসে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা শোনা এবং তাদের সঙ্গে একান্ত সময় কাটানোর এই দৃশ্য স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে এত কাছ থেকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা মন খুলে তাদের সমস্যার কথা বলেন এবং প্রতিমন্ত্রীও অত্যন্ত মনোযোগ ও আন্তরিকতার সাথে সবার কথা শোনেন।
স্থানীয় এলাকাবাসীর মতে, গ্রামীণ মানুষের সাথে একজন এমপির এই মেলবন্ধন নান্দাইলের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। সাধারণ মানুষের ভাষায়— “আমাদের মন্ত্রী আমাদেরই লোক, তিনি আমাদের মনের কথা বোঝেন।”
তথ্য প্রতিমন্ত্রীর এই ব্যতিক্রমী ও আন্তরিক পদচারণা প্রমাণ করে যে, জনগণের সেবক হিসেবে তিনি সবসময় মানুষের পাশে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ। মানুষের অকৃত্রিম ভালোবাসাই যে তাঁর পথচলার মূল প্রেরণা, মঙ্গলবারের এই চিত্র যেন তারই বহিঃপ্রকাশ।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরসহ দলীয় নেতাকর্মীরা বলেন, একজন জনবান্ধব নেতার প্রকৃত পরিচয় ফুটে ওঠে তাঁর সাধারণ জীবনযাপন ও জনগণের সাথে নিবিড় সম্পর্কের মাধ্যমে। কোনো আড়ম্বর ছাড়াই মানুষের সাথে মিশে এবং জনগণের ভালোবাসাকেই নিজের শক্তির উৎসের মাধ্যম হিসেবে মেনে নেওয়া আমাদের নেতা তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

