নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের পাঁচদরিল্লা এলাকার খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ একটি ঢালাই ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিনের পুরাতন এই ব্রিজটি এখন মানুষের চরম ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।
সরজমিন পরিদর্শনে দেখা গেছে, ব্রিজের ঢালাই ধসে রড বেরিয়ে গেছে। এতে বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এছাড়া রেলিং না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ ও জীবনের ঝুঁকিতে চলাচল করছেন। বিশেষ করে বর্ষার দিনে এবং রাতের আঁধারে এই ভাঙা ব্রিজ পার হওয়া আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম খোকন ও প্রবীণ শিক্ষক হারিছ উদ্দিনসহ আরো অনেকেই জানান, প্রতিদিন এই পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষ যাতায়াত করেন। পার্শ্ববর্তী কৃষিজমি ও জলাশয়ে যাতায়াত এবং উৎপাদিত ফসলাদি আনা-নেওয়ার জন্য ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ দিনেও এটি সংস্কার বা পুনর্র্নিমাণ না করায় জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইফতেখার মোমতাজ খোকন জানান, দীর্ঘদিনের মেয়াদ উর্ত্তীণ ব্রিজটি যেকোনো সময় ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্ল্ষ্টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলাম কিবরিয়া পিয়াল জানান, মেয়াদ উত্তীর্ণ ও ভাঙ্গা ব্রিজগুলো পুনর্নির্মাণের জন্য তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
এদিকে জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে ব্রিজটি পুনর্নির্মাণের জন্য নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

![]()

