নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মহোদয়ের নির্দেশনায় ময়মনসিংহের নান্দাইলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে হতদরিদ্র, দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ইউএনও’র তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুচ্ছগ্রাম, আশ্রয়ণ প্রকল্প সহ অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ কার্য্যক্রম অব্যাহত রেখেছেন।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত থেকে অর্থ বিতরণ কার্যক্রম তদারকি করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ ত্রাণ কমিটির সদস্যবৃন্দ।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন।
বিএনপি নেতা মিজানুর রহমান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক সহায়তা তৃণমূলের প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ও দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় নান্দাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপকারভোগী হিসেবে ক্ষুদে ফুটবলার টিম ও প্রতিবন্ধী শিশু-কিশোরা উপস্থিত ছিল।
উপকারভোগীরা সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

