নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইলে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ‘নান্দাইল ছাত্র সংঘ’-এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের শিক্ষার্থী সাদমান সানির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী পিন্টু সাহা, সিলেট এমসি কলেজের শিক্ষার্থী রিয়াদ হাসান, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী কামরুজ্জামান তোহা ও মোবাশ্বেরসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, “নান্দাইল থেকে জেলা শহর ময়মনসিংহে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী বিআরটিসি বাসে যাতায়াত করে। বর্তমানে বাসের যে ভাড়া নির্ধারণ করা আছে, তা সাধারণ শিক্ষার্থীদের জন্য বহন করা অত্যন্ত কষ্টসাধ্য। সরকারি অন্যান্য বাসে হাফ ভাড়ার নিয়ম থাকলেও নান্দাইল রুটে তা কার্যকর হচ্ছে না।”
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত বিআরটিসি বাসে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। যদি এই যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে ছাত্র নেতৃবৃন্দ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাতের সাথে দেখা করেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউএনও বিষয়টি গুরুত্বের সাথে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে নান্দাইলের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং তাদের দাবির স্বপক্ষে স্লোগান দেন।

