ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে বৃষ্টিতে ভিজেও উন্নয়ন ও জনকল্যাণ কাজে তথ্য প্রতিমন্ত্রীর কর্মব্যস্ত দুইদিনের সফর ॥

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের নান্দাইলে টানা দুই দিনের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সফরে একগুচ্ছ উন্নয়নমূলক কাজের উদ্বোধন, জনহিতকর মতবিনিময় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার ও শনিবার এই দুইদিনের সফরে তিনি নান্দাইলের উন্নয়ন ত্বরান্বিত করা এবং তৃণমূল মানুষের সাথে সম্পৃক্ততাসহ কর্মব্যস্ত সময় পার করেছেন।

৩১শে জুলাই শুক্রবার সন্ধ্যায় মোয়াজ্জেমপুরের বাহাদুরপুর হাউজে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক আবেগঘন পরিবেশে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। তিনি শহীদদের পরিবারের খোঁজ-খবর নেন এবং সরকারি সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না তা তদারকি করেন। তিনি প্রতিশ্রুতি দেন, শহীদ পরিবারগুলোর সুরক্ষায় সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে। একই সাথে তিনি ১৯৯৬ সালে বিএনপির নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে বিদ্যুৎ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন এবং তাদের বর্তমান অবস্থার খোঁজ নেন। প্রতিমন্ত্রীর এমন আন্তরিকতায় স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সফরকালে প্রতিমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। ১লা আগস্ট শনিবার বিকেলে প্রচুর বৃষ্টির মধ্যেই ভিজে তিনি নান্দাইল পৌরসভার ১নং ওয়ার্ডের বালিয়াপাড়া-ঝালুয়া পাকা সড়কের উদ্বোধন করেন। প্রতিকূল আবহাওয়ায় তাঁর এই উপস্থিতি স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। এছাড়া তিনি সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন এবং মোয়াজ্জেমপুর কালাসরকার বাজার ঈদগাহ মাঠ হতে বাহাদুরপুর আল হেরা হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত রাস্তায় মাটি ভরাট ও সলিং কাজের শুভ উদ্বোধন করেন।

শনিবার দুপুরে নান্দাইল উপজেলা কনফারেন্স রুমে বিদ্যুৎ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।” সভায় বিদ্যুৎ বিভ্রাট কমিয়ে আনতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার প্রতিমন্ত্রী কালাসরকার বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন করেন। এছাড়া শনিবার বিকেলে তিনি নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়ের পিতৃবিয়োগের খবর পেয়ে তাঁর বাসভবনে ছুটে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।