নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের পালাহার মধ্যপাড়ায় অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নবগঠিত সামাজিক সংগঠন ‘মরহুম শাখাওয়াত হোসেন চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই মহতী কার্যক্রম সম্পন্ন হয়।
গত ১৪ এপ্রিল ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই ফাউন্ডেশনটি তাদের প্রথম বৃহৎ কর্মসূচী হিসেবে এলাকার গরীব ও দুঃখী মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে খাদ্য ও উপহার সামগ্রী তুলে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ এনামুল হক। উপহার বিতরণকালে তিনি বলেন, “মানুষের বিপদে পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব। এই ফাউন্ডেশনটি যে মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ‘বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়’—এই মূলমন্ত্রকে ধারণ করে তারা ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”
আয়োজকরা জানান, মরহুম শাখাওয়াত হোসেন চেয়ারম্যানের আদর্শ ও স্মৃতিকে অম্লান রাখতেই এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়েছে। এলাকার কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় এই ফাউন্ডেশনটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী মো. হাবিবুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ শরীফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি, সহসভাপতি কাওসার আহমেদ, বিএনপি নেতা বেনজির আহমেদ,শিক্ষক বিল্লাল হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ।
ঈদের আগে এমন উপহার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন এলাকার অসহায় মানুষগুলো। তারা ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করেন।


