নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নান্দাইল উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (৩০ মে) নান্দাইল নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে এক কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নাজমুল হাসান, নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির এবং নান্দাইল পৌর বিএনপির সদস্য সচিব মো. রফিকুজ্জামান ভূঁইয়া মনির।
এছাড়াও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, নান্দাইল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক বাবুল আহম্মেদ অনিকসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

