ঢাকারবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি ডেস্ক
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কবিতা ও গল্প
  6. কৃষি ও ঐতিহ্য
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. দূর্নীতি
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রশাসন
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ খবর

নান্দাইলে সাড়ে তিন কিমি কাঁচা রাস্তা এখন অভিশাপ ॥ মানুষের চরম দূর্ভোগ

শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলিত একটি কাঁচা রাস্তার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। ইউনিয়নের খামারগাঁও বাজার থেকে দক্ষিণ দিকে দশালিয়া মোড় পর্যন্ত মাত্র সাড়ে তিন কিলোমিটার এই কাঁচা রাস্তাটি বর্তমানে এলাকাবাসীর জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। যুগের পর যুগ পার হলেও রাস্তাটির ভাগ্যোন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খামারগাঁও বাজার থেকে দশালিয়া মোড় পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা হাঁটু সমান কাদায় একাকার হয়ে যায়। বড় বড় গর্ত আর পিচ্ছিল কাদার কারণে পায়ে হেঁটে চলাই দুষ্কর, যানবাহন চলাচল তো দূরের কথা। বছরের পর বছর এই অবর্ণনীয় কষ্ট সহ্য করেই যাতায়াত করছেন কয়েক গ্রামের মানুষ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তা কর্দমাক্ত থাকায় শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। প্রায়ই পিচ্ছিল রাস্তায় আছাড় খেয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করে কান্নাকাটি করে বাড়ি ফিরে যেতে হয় তাদের। এছাড়া এলাকার কৃষিপণ্য বাজারজাত করা এবং কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী মাকে হাসপাতালে নিতে হলে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা স্বাধীনতার পর থেকে এই রাস্তার জন্য কষ্ট করছি। আমরা এই অভিশপ্ত কাঁচা রাস্তা থেকে মুক্তি চাই।” এলাকাবাসী এই দুর্ভোগ লাঘবে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া বলেন, “রাস্তাটিতে ইতিপূর্বে কয়েকবার মাটি কাটা হয়েছিল। তবে রাস্তাটি পাকাকরণের জন্য আইডিতে অন্তর্ভুক্ত করাসহ প্রয়োজনীয় আবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।”

নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা গোলাম কিবরিয়া পিয়াল জানান, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি, রাস্তার আইডি ও আবেদন থাকলে পাকাকরণের ব্যবস্থা গ্রহন করা যাবে।

 

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও “norsundanews24” কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।