শাহজাহান ফকির, নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে আলোচিত ইয়াছিন মিয়া হত্যাকান্ডের প্রধান আসামীসহ দুইজনকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ জুলাই, ২০২৫) ভোরে ডিএমপির শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নান্দাইল মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাদের গ্রেফতার করে। বুধবার (০৯ জুলাই) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মামলার প্রধান আসামী মোঃ আবু রায়হান মিয়া (২১) এবং তার বাবা নূরুল ইসলাম (৫৫)। তারা নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৫ জুন শেরপুর ইউনিয়নের রাজাবাড়ীয়া গ্রামে জুলহাস নামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তায় ইয়াছিন মিয়াকে (৪০) নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পরপরই পুলিশ এজাহারভুক্ত ৫ নম্বর আসামী মোছাঃ নারগিছ আক্তারকে (৪০) গ্রেফতার করে, যিনি গ্রেফতারকৃত প্রধান আসামী রায়হানের মা।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার সঙ্গে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

