স্ব প্রতিবেদক : শুক্রবার ও শনিবার (১৫মে-১৬মে) দুই দিনের সরকারি সফরে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল নিজ নির্বাচনী এলাকায় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক শিডিউল সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৯টায় ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে সড়কপথে নান্দাইলের উদ্দেশ্যে যাত্রা করবেন। জুম্মার নামাজ শেষে বিকেল ৩টায় তিনি নান্দাইল হেডকোয়ার্টার হতে বাকচান্দা জিসি সড়কের শুভ উদ্বোধন করবেন। এরপর বিকেল ৪টায় গাংঙ্গাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।
এছাড়া সফরের দ্বিতীয় দিন, শনিবার (১৬ মে) বেলা ১১টায় প্রতিমন্ত্রী শেরপুর ইউনিয়নের শেরপুর তুরন্তীপাড়া এলজিইডি রোড হতে আব্দুর রশিদ মাতবরের বাড়ি পর্যন্ত এইচবি রোড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুর ১২টায় তিনি নান্দাইল ইউনিয়নের সাভার মিফতাহুল উলুম মাদ্রাসা হতে এম.ডি. আব্দুল হাকিমের বাড়ি পর্যন্ত অপর একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে মধ্যাহ্নভোজ শেষে প্রতিমন্ত্রী চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সফর শেষে শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব জনাব মহিউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা জনাব মোঃ ফরিদুর রেজা সাগর এবং গানম্যান জনাব মোঃ কামরুজ্জামান।
প্রতিমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

