আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নারীর অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার অঙ্গিকার| কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারজানা জামান পুনম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা আক্তার, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কুদ্দুস (মোমেন,) সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, শামছুন্নাহার (আপেল) এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন (রিপন)সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুপম দাস বলেন, “বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের নারীরা এখনো অনেকটা পিছিয়ে রয়েছে। তাই নারীদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে।”

