আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সৈয়দ গাঁও মানবকল্যাণ সেবা সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে প্রায় ১০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, সেমাই, তেল ও চিনি সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে এলাকার বহু দরিদ্র পরিবার উপকৃত হয় এবং তারা ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পায়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি আবদুল আল খায়ের (তুহিন)। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তারেক, সাধারণ সম্পাদক নাজমুল আরিফ সানি, দপ্তর সম্পাদক আল সিয়াম, অর্থ বিষয়ক সম্পাদক পাপ্পু মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম উদয়সহ সংগঠনের সম্মানিত উপদেষ্টা বৃন্দ। এছাড়াও প্রবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

