আবু হানিফ, স্টাফ রিপোর্টের (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫২ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পাকুন্দিয়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিস রিফাত জাহান এবং পাকুন্দিয়া পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান খান যৌথভাবে এ বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।
ঘোষিত বাজেটে পৌরসভার বিভিন্ন রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ২৪ লাখ ৬৫ হাজার ৮৫১ টাকা। উন্নয়ন তহবিল থেকে প্রস্তাবিত আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৮২২ টাকা। সব মিলিয়ে রাজস্ব, উন্নয়ন ও বিভিন্ন প্রকল্প খাতে প্রস্তাবিত মোট আয় ধরা হয়েছে ৫২ কোটি ১১ লাখ ১৫ হাজার ৬৭৪ টাকা।
অন্যদিকে রাজস্ব, উন্নয়ন ও প্রকল্প খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৮০৬ টাকা। এতে বাজেটে সর্বমোট উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৫ লাখ ১৯ হাজার ৮২৮ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা আক্তার লিপি, উপজেলা প্রকৌশলী মো. খন্দকার শফিউল্লাহ, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরে আলম, পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মোহাম্মদ এনামুল হক এবং কর আদায়কারী মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

