আবু হানিফ, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান এবং দেশের উন্নয়নে সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রশংসা করেন।
সম্মেলনে সংগঠনের বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

