নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা শাখা। শনিবার (২রা আগস্ট) সকাল ১০টায় উপজেলার সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জনসহ মোট ১০০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিজবুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন। তিনি তার বক্তব্যে বলেন, “মেধাবী ছাত্ররাই একটি দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা আমাদের সকলের দায়িত্ব। ছাত্রশিবির সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সম্পাদক সাঈদ বিন হাবিব, ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি শফি উদ্দিন, বাজিতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. মোবারক উল্লাহ, বাজিতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুজ্জামান আশরাফ এবং সরারচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান রাজন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তারা বলেন, আজকের এই সাফল্যই শেষ নয়, বরং এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে মনে করেন উপস্থিত সুধীজন।

