নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহে কবির ১২৭তম জন্মজয়ন্তী (২০২৬) বর্ণাঢ্য আয়োজনে উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির সামগ্রিক বিকাশে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ঠা এপ্রিল) সকাল সাড়ে দশ ঘটিকায় কবি নজরুল ইসলাম অডিটোরিয়াম সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি-এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এবং মুখ্য আলোচক হিসেবে সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান। এছাড়া অনুষ্ঠিত এই সভায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ২০০৬ সালের পর ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী উদ্যাপন হয়নি। স্থানীয় সংসদ সদস্য বিষয়টি সংসদে উত্থাপন করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ বছর জাতীয়ভাবে ত্রিশালে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তাই আয়োজনটি আকর্ষণীয় করতে পরিকল্পনা নিতে হবে, যাতে এটি সারা দেশের জন্য একটি মডেল হয়।
এত দিন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর ২৫ মে তিন দিনব্যাপী নজরুলজয়ন্তী ও মেলা অনুষ্ঠিত হলেও এবার তা জাতীয় পর্যায়ে হচ্ছে।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংস্কৃতিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংকট তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে হলে নতুন করে পরিকল্পনা নিতে হবে। গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা সাংস্কৃতিক উপাদান নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সংস্কৃতিকে মডেল হিসেবে গড়ে তুলতে কর্মশালা আয়োজনের প্রস্তাব দেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “নজরুলের সাম্য ও দ্রোহের বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ময়মনসিংহ বিভাগের সাংস্কৃতিক জাগরণে গণমাধ্যম ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নজরুল চর্চাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে মুখ্য আলোচক বক্তব্যে সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান তিনি বলেন, ত্রিশালে নজরুলের শৈশবের স্মৃতিবিজড়িত স্থানগুলোর উন্নয়ন এবং নজরুল ইনস্টিটিউটের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ফারাহ শাম্মী বলেন, “ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ২০২৬ সালের জন্মজয়ন্তী সফল করতে এখন থেকেই সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে । পাশাপাশি এই অঞ্চলের লোকজ সংস্কৃতি ও নজরুলের দর্শনের মেলবন্ধনে সংস্কৃতির বিকাশে বিভাগীয় প্রশাসন নিরলস কাজ করে যাবে।”

