আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলসহ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুপম দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে গ্রামীণ ও শহর এলাকায় মাদকের বিস্তার রোধ, স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে কিশোর গ্যাং কালচার বন্ধ এবং পাকুন্দিয়া পৌর বাজারের যানজট নিরসনে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন—পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এস.এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুছ মোমেন, চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন এবং পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আসাদুজ্জামান।
এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ক.ম মুহিবুল্লাহ বচ্চন, আবু হানিফ ও হুমায়ুন কবীরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ইউএনও রুপম দাস বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আসন্ন ঈদুল ফিতরে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কেনাকাটা ও যাতায়াত করতে পারে, সেজন্য বাজার মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।” তিনি সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপরাধ দমনে নিয়মিত টহল বাড়ানোর আশ্বাস প্রদান করা হয় এবং জনস্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

