নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জে এক উত্তাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রতিপক্ষ ও ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, “বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত এই গণতন্ত্র ও অধিকার নষ্ট করার যেকোনো চক্রান্ত মোকাবিলায় বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। আমরা রাজপথে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, সুতরাং রাজপথেই সকল ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।”
তিনি আরও বলেন, “তারা মনে করছে দুটি বাস পুড়িয়ে আর চক্কর দিয়ে জনগণকে ভয় দেখাতে পারবে। আমরা সতর্ক করে দিতে চাই—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা যেভাবে তাদের দেশ থেকে তাড়িয়েছে, প্রয়োজনে যারা এখনো ষড়যন্ত্র করছে, তাদেরও বিতাড়িত করা হবে। কোনো অবস্থাতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।” বিচারের প্রসঙ্গে হুঙ্কার দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে সামনে আসুন এবং আইনের আওতায় আসুন। আমাদের মা-বোনদের বুক খালি করার অপরাধে জনগণই আপনাদের বিচার করবে।”
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয়তাবাদী দল ও দেশের সাধারণ জনগণ এক ও অভিন্ন। জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র, ভোটাধিকার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
এর আগে দুপুরে জেলা শহরের রথখলাস্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশালাকার বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড় ও আখড়াবাজার চত্বরে গিয়ে শেষ হয় এবং সমাবেশে রূপ নেয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
![]()

