নিজস্ব প্রতিবেদক: ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে আহ্বায়ক করে এই ৬ সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর বিভিন্ন ধারা ও উপধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী ও চূড়ান্ত সুপারিশ প্রদান করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি প্রয়োজনে যেকোনো বিশেষজ্ঞ বা ব্যক্তিকে ‘কো-অপ্ট’ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভার আয়োজন করবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, গত ২৯ জুন ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং ডিজিটাল নিরাপত্তার বিষয়গুলো অধিকতর জনবান্ধব ও যুগোপযোগী করতে এই কমিটির সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট মহল মনে করছেন, সাইবার সুরক্ষার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সমন্বয় আরও সুসংহত হবে। পাশাপাশি নান্দাইলবাসী গর্বিত ও কৃতজ্ঞ।
সূত্র: অনলাইন ডেক্স

